মুন্সীগঞ্জ

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি জামায়াতের

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক-সংলগ্ন পিটিআই এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী, সহকারী সেক্রেটারি মো. আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য মো. আক্তার ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রিফাত হোসেন। সভা সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. উজ্জ্বল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও তার সন্ত্রাসী বাহিনী যে নারকীয় ঘটনা ঘটিয়েছে, তা ইতিহাসে বিরল। দুঃখজনকভাবে, আজও ওই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়নি। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।