পুঁজিবাজারে আসছে অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষস্থানীয় কোম্পানি অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য আবেদন করেছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির সম্ভাব্য আর্থিক মূল্যায়ন করা হয়েছে দেড় ট্রিলিয়ন ডলার। এই মূল্যায়নের ভিত্তিতে তালিকাভুক্ত হলে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের বাজারমূল্যকেও ছাড়িয়ে যেতে পারে কোম্পানিটি। বিশ্লেষকদের মতে, এটি হতে পারে আইপিওর ইতিহাসে অন্যতম বড় ঘটনা। তবে কতগুলো শেয়ার বাজারে ছাড়া হবে, তা এখনো নির্ধারিত হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবর অনুযায়ী, শেয়ারবাজারে ‘এএনটি’ প্রতীকে লেনদেনের পরিকল্পনা রয়েছে অ্যানথ্রপিকের।

কোম্পানিটির প্রধান নির্বাহী ডারিও অ্যামোদেই তার বোন ড্যানিয়েলা অ্যামোদেইসহ আরও পাঁচ সহ-প্রতিষ্ঠাতাকে নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এর প্রধান পণ্য এআই চ্যাটবট ক্লড। লেখালেখি, কোডিং ও সাইবার নিরাপত্তার মতো জটিল কাজে সক্ষমতার কারণে এটি জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি প্রথমবারের মতো নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যানথ্রপিক। এদিকে যুদ্ধক্ষেত্রে কোম্পানিটির প্রযুক্তির ব্যবহার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। এর জেরে অ্যানথ্রপিককে সামরিক সরবরাহের ক্ষেত্রে ‘সাপ্লাই চেইন রিস্ক’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ফলে মার্কিন সামরিক বাহিনীর সংস্থাগুলো কোম্পানিটির সঙ্গে চুক্তি করতে পারছে না।