লগি-বৈঠার মামলা পুনরুজ্জীবিত করে বিচারের দাবি

বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের একটি ক্লাব। তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকা-ে দায়ের করা মামলাগুলো পুনরুজ্জীবিত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরীর উদ্যোগে ‘২৮ অক্টোবর ২০০৬ : আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, ২৮ অক্টোবরের রক্তদানের মধ্য দিয়ে শহীদরা যে পথে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, আওয়ামী লীগ সেই পথ তৈরি হতে দেয়নি; বরং ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছিল। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদের কবর রচনা করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ। বিএনপি হাজারো চেষ্টা করেও তাদের এই পথ থেকে সরাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগসহ ১৪-দলীয় জোটের নেতাকর্মীরা বন্দুক ও লগি-বৈঠা নিয়ে হামলা চালিয়েছিল। ছাত্রশিবিরের নেতাকর্মীরা পল্টন মোড়ে মানবঢাল হয়ে দাঁড়িয়ে সেই হামলা প্রতিহত করেন এবং নেতাদের নিরাপদ রাখেন।

সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বক্তব্য দেন ছাত্রশিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম প্রমুখ।