আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে বিএনপি, জামায়াতের প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনের ৫ লাখ ১৬ হাজার ১৩৮ ভোটারের ভোটগ্রহণের জন্য ১৮৫ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘেœ ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থেকেছে পাঁচজন প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষ প্রতীকে, জামায়াতে ইসলামী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়।