সাজেক সড়ক অবরোধ

সাত দিনেও হয়নি সুরাহা, কঠোর আন্দোলনের হুমকি

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। সংগঠনটির ফেসবুক পেজে এ ঘোষণা দেন। এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের অবরোধ সপ্তম দিন পালিত হয়েছে। অবরোধের পঞ্চম দিনের মাথায় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা হলেও এক দফা বাস্তবায়ন নিয়ে মতপার্থক্যের কারণে এখনো সুরাহা হয়নি। এতে সাত দিন ধরে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে।

গতকাল বুধবার সকালে সাজেক সড়কের কয়েকটি জায়গায় গাছের গুঁড়ি ফেলে আগুন দেয় অবরোধকারীরা। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, সাজেকের পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। সহসাই এর সমাধান হবে।

গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।

গত সোমবার সাজেক ইউনিয়নের উজো বাজারে প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারী সংগঠনগুলোর নেতাদের বৈঠক হয়।