স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ ঢাকার তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চাই না। তিনি বলেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলব।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, বাহিনীকে সুশৃঙ্খল করা, জনবল বাড়ানো এবং প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সুসজ্জিত করার কাজ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, পুলিশ বাহিনী পুরোপুরি মনোবল ফিরে পেয়েছে। অপরাধী শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে পুলিশ সফলভাবে কাজ করছে। তবে দু-একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতেই পারে।
পুলিশের শৃঙ্খলা বজায় রাখতে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে। অন্যদিকে, কেউ অপরাধে জড়ালে, বেআইনি কর্মকাণ্ড করলে কিংবা শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এভাবে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও এ বিষয়ে আরও কাজ করা হবে। এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
পার্বত্য অঞ্চলে সেনা মোতায়েন বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ের পরিস্থিতি স্থিতিশীল এবং সেখানে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। মাঝেমধ্যে এ ধরনের কিছু ঘটনা ঘটে। পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি যতটুকু খোঁজখবর নিয়েছি, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। দেশে গণতান্ত্রিক চর্চা হবে। সবাই স্বাধীনভাবে ও নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা এটাই প্রতিষ্ঠা করব।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। তার মতে, দলটির মধ্যে গণতন্ত্রের চর্চা ছিল না। তিনি আওয়ামী লীগকে স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি হিসেবে অভিহিত করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ অরাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে এবং গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ ফিরে আসতে চাইলেও জনগণ তাদের সেই সুযোগ দেবে না বলে মনে করেন তিনি।
নাটোরে সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে নিজ দলের একজনকে হত্যার অভিযোগ এবং তাকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, যার সন্তানই হোক, সংসদ সদস্যের সন্তান হলেও তাকে অভিযুক্ত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি।