জামান হোটেলের রান্নাঘরে তেলাপোকা, জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজারের জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রান্নাঘরে তেলাপোকার বিচরণ, নান রুটি তৈরির সরঞ্জামে ইঁদুরের মলমূত্রসহ নানা অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র পাওয়া গেছে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, রেস্তোরাঁটির রান্নাঘরে স্যাঁতসেঁতে ও ভাঙা মেঝে, খোলা ডাস্টবিন এবং মেয়াদোত্তীর্ণ পুডিং পাওয়া যায়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ডিম সংরক্ষণ এবং জুসের স্ট্রতে ময়লার উপস্থিতি শনাক্ত করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহারের জন্য অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক রাখার প্রমাণও পাওয়া গেছে।

এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী হোটেল কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং চকবাজার থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।