চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ী এলাকায় বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ‘সিপি ফাইভ স্টার’ ও ‘সাম'স’ রেস্টুরেন্টের মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর কাজীর দেউড়ী বাজার ও এর আশপাশের এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সমন্বয়ে পরিচালিত নিয়মিত বাজার তদারকি অভিযানকালে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিএমপি জানায়, ভোক্তা অধিকারের অভিযানে ‘সিপি ফাইভ স্টার’ এ মেয়াদোত্তীর্ণ পাউরুটি দিয়ে বার্গার তৈরি এবং কয়েকদিনের পুরাতন পোড়া তেল দিয়ে খাদ্য প্রক্রিয়াকরণের প্রমাণ মিলেছে। এসব অনিয়মের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাজার সংলগ্ন ‘সাম'স’ রেস্টুরেন্টে আরও গুরুতর অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত উপকরণ দিয়ে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। এমনকি রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি মজুত রাখার অপরাধে রেস্টুরেন্টটিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই অভিযানে দেশি মাগুর মাছের সঙ্গে চাষের শিং মাছ মিশিয়ে বিক্রির অভিযোগে ‘খালেকের মাছের দোকান’ ও ‘আনোয়ার ফিস’কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বে থাকা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও অপরাধ পুনরায় না করার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযান সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও সহকারী পরিচালক রানা দেবনাথ। এ ছাড়া সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম।