দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য এটি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মৃত সাতজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
এদিকে, একই সময়ে দেশে নতুন করে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে।