ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে সার পাচারের অভিযোগে ২৫০ বস্তা ডিএপি সারসহ এ কে এম ইলিয়াস হাওলাদার নামের এক সার ডিলার ও ট্রাকচালকের সহকারী আটক করেছে পুলিশ। উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে বুধবার (২৯ অক্টোবর) রাতে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
আটক এ কে এম ইলিয়াস হাওলাদার মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার। তবে ট্রাকচালকের সহকারী নাম পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে সারবোঝাই একটি ট্রাক সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয় লোকজন সেটিকে আটকিয়ে রাখে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ২৫০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তার ডিলারশিপ বাতিলেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে সার পাচারের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ডিলারের লাইসেন্স বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।