ফরিদপুরের চন্দ্রপাড়ায় অসচ্ছল পরিবারের মাঝে অর্থ সহায়তা বিতরণ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে তিন শতাধিক অসচ্ছল মানুষকে মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নগদ অর্থ, গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ বিতরণ করা হয়েছে। হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব সহায়তা দেওয়া হয়।

বুধবার ভোরে (২৮ অক্টোবর) ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসচ্ছল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং তাঁদের স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, একই অনুষ্ঠানে চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে জলসায়ে ওরছ পাক অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর একমাত্র পুত্র ও দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আগামী বার্ষিক ওরছ শরীফের তারিখ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১৩ জানুয়ারি ওরছ শরীফ অনুষ্ঠিত হবে।

ওরছ উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর থেকে বুধবার বাদ ফজর পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জলসায়ে ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্ত দরবার শরীফে সমবেত হন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরিয়ত ও তরিকতবিষয়ক ওয়াজ-নসিহত অনুষ্ঠিত হয়। বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। এ সময় আখেরি মোনাজাতে বিশ্বের শান্তি, মানবজাতির কল্যাণ ও মহান আল্লাহর নৈকট্য কামনা করা হয়।



সর্বশেষ সর্বাধিক পঠিত