বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাইজুল-মিরাজ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল চরম হতাশা আর ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে। প্রথম দিনের দুর্দান্ত ভিতটাকে কাজে লাগিয়ে বড় সংগ্রহ গড়ার স্বপ্ন দেখলেও, উইন্ডিজ বোলারদের সামনে টিকতেই পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস, যেখানে ২৭২ রানে অলআউট হওয়ার পর চালকের আসন হারাতে হয়েছিল লাল-সবুজের দলকে। 

তবে দল যখন খাদের কিনারায়, ঠিক তখনই বল হাতে জাদুকরী কামব্যাক করলেন বোলাররা। আলোকস্বল্পতা ও বৃষ্টির বাগড়ার মাঝে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজদের ভেলকিতে দিন শেষে দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৮ ওভারে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩৪ রান। এতে এখনও ১৩৮ রানে পিছিয়ে আছে তারা।

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনটিতে আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর যখন মাঠের লড়াই শুরু হয়, তখন থেকেই উইন্ডিজ শিবিরে একের পর এক আঘাত হানতে শুরু করেন স্বাগতিকদের স্পিনাররা। দলের এমন দারুণ প্রত্যাবর্তনের গল্পটা লেখেন মেহেদী হাসান মিরাজ। তাঁর চতুর ডেলিভারিতে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ৫৪ রান করে ফেরেন ওপেনার জন ক্যাম্পবেল, যিনি এর আগে দুইবার জীবন পেয়ে উইন্ডিজে ইনিংসের গতি বাড়িয়েছিলেন।

ক্যাম্পবেলের বিদায়ের পর স্পিন বিষে নীল হতে থাকে ক্যারিবীয়দের মিডল অর্ডার। একে একে সাজঘরে ফেরেন কাভেম হজ ও আমির জাঙ্গু। একই ওভারে দুই বলের ব্যবধানে তাইজুলের ঘূর্ণিতে সিলি পয়েন্টে হজ ৭ রান করার পর স্লগ সুইপ খেলতে গিয়ে তানজিদের হাতে ক্যাচ দেন জাঙ্গু। স্কোরবোর্ডে তখন ৯৭ রান, সাজঘরে ৪ ব্যাটার। দিনের বাকি সময়টায় অবশ্য আর কোনো বিপত্তি আসতে দেয়নি সফরকারীরা। এতে দ্বিতীয় দিন শেষে উইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৪ রান। তেজনারাইন চন্দরপল ১৪৫ বলে ৪৩ এবং জাস্টিন গ্রেভস ১৫ রান নিয়ে উইকেটে অপরাজিত আছেন। 

প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে শক্ত অবস্থানে থাকা বাংলাদেশ দ্বিতীয় দিনের সকালে কেবল দুই ওভারের ব্যবধানে খেই হারায়। দিনের প্রথম ওভারেই সাদমান ইসলাম ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেও পরের ওভারেই বিশপের শিকার হয়ে ১০৫ রানে ফেরেন। এরপর আগের দিন ক্রাম্পের শিকার হওয়া তাওহীদ হৃদয়ও কোনো রান যোগ না করে আউট হলে প্রথম সেশনেই হুড়মুড় করে ভেঙে পড়ে দলের ব্যাটিং লাইনআপ। সেই হতাশা ছাপিয়ে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে দিন শেষে মিরপুরে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ।