বিজয়নগরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজাসহ রিপন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘরের ভেতর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বামুটিয়া গ্রামের বাসিন্দা রিপন মিয়ার বসতঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। 

গ্রেপ্তার রিপন মিয়া বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৯ (গ), ৩৮ ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।