মোটরসাইকেল দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা সরিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশের পর সাতকানিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তাদের চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম।
বুধবার (২৮ অক্টোবর) রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।
ওসি মো. আবদুল আলীম জানান, গত ২৪ অক্টোবর রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চরহাটের পূর্ব পাশে সড়কে মোটরসাইকেল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি মিনিট্রাক থামতে বাধ্য করা হয়। উক্ত ট্রাকের চালক নাছিরের অভিযোগ, পুলিশের কথিত দুই সোর্স রবিন ও মোমেনের সহযোগিতায় কয়েকজন পুলিশ সদস্য ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন একটি এলপিজি স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে চালকের আসনের নিচে বিশেষভাবে তৈরি গোপন খোপে রাখা তিনটি পোঁটলা থেকে ৩০ হাজার ইয়াবা সরিয়ে নেয়। পরে ট্রাকের সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ডও ফরম্যাট করে দেওয়া হয়। এ ছাড়া এসআই মাহবুবুল ইসলাম তাকে মারধর ও জিজ্ঞাসাবাদ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
৩০ হাজার ইয়াবা সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখতে এ পদক্ষেপ সহায়ক হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।