চমেক হাসপাতালের ডায়ালিসিস সেবা বন্ধ হতে দেবে না চসিক:  ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালিসিস সেবা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও প্রশাসক ডাক্তার শাহাদাত হোসেন।

এ সময় তিনি স্বল্পমূল্যে রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে কেন্দ্রীয়ভাবে সহায়তা নিশ্চিত করা সম্ভব না হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চমেক হাসপাতালের কান্তা ছাত্রী নিবাসে নবনির্মিত ‘দ্য স্টাডি লাউঞ্জ’ ও ‘দ্য প্রেয়ার হল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক প্রশাসক।

ডা. শাহাদাত হোসেন বলেন, ডায়ালিসিস সেন্টারের সেবা যেন বন্ধ না হয়, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও চমেক অধ্যক্ষসহ সবাই মিলে কাজ করছি।

আগামী ২০২৭ সালের জুন-জুলাইয়ের মধ্যে চমেক হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ডায়ালিসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এটি বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসাসেবায় বড় ইতিবাচক অগ্রগতি হবে।

চমেকের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে চসিক মেয়র বলেন, চমেক হাসপাতাল এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে চসিক কাজ করছে। বাইরের অংশের পরিচ্ছন্নতায় ইতোমধ্যেই ১০ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

তবে শিক্ষার্থীদের অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

চমেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন ও  অন্যান্যের মধ্যে বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিকসহ শিক্ষক, চিকিৎসক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।