আইনজীবী আলিফ হত্যা মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ

চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট মোহাম্মদ শরীফকে জেরা ও সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজিরের আদালতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় শুনানিতে মামলার অন্যতম আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ভার্চুয়ালি হাজির করা হয় এবং কারাগারে থাকা অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আগামী ২৯ নভেম্বর মামলার পরবর্তী তারিখ দিন ধার্য করেছেন আদালত। 

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী অ্যাডভোকেট মোহাম্মদ শরীফকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। চিন্ময় দাসের পক্ষে তার আইনজীবী জেরার জন্য সময় প্রার্থনা করেন।

আদালত জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছিলেন।

গত ২৫ আগস্ট তৎকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালতে শুনানি শেষে ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।

৩১ জনকে আসামি করে মামলার এজাহার দায়ের করা হলেও এজাহারনামীয় গগন দাশ, বিশাল দাশ ও রাজকাপুর মেথরের সম্পৃক্ততা না পাওয়ায় মামলার দায় থেকে তাদের অব্যাহতির আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। তবে নতুন করে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও ১০ জনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের অন্তর্ভুক্ত করে ২০২৫ বছরের ২৫ আগস্ট চিন্ময় কৃষ্ণসহ ৩৯ আসামির বিরুদ্ধে বাদীর উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরুর আদেশ দেন আদালত।