ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন করতে লাগবে ১০ হাজার টাকা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা নিবন্ধনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ফি নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি নবায়ন ফি, গতিসীমা, যাত্রী বহন ও চলাচলের রুট নির্ধারণ করে নতুন বিধিমালা জারি করা হয়েছে। নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানোসহ বিভিন্ন অনিয়মকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ প্রকাশ করে। বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে।

নতুন নিয়মে দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার ও নবায়ন ফি ৫ হাজার টাকা। সব ই-রিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা। নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর এবং একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে।

বিধিমালা অনুযায়ী, ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার। স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও জনবহুল এলাকায় এ সীমা ঘণ্টায় ১৫ কিলোমিটার। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, বিআরটি করিডোর, ফুটপাত ও নিষিদ্ধ সড়কে এসব যান চলাচল করতে পারবে না। সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে চলাচলের রুট নির্ধারণ করবে।

নিবন্ধন ছাড়া চালানো, অতিরিক্ত যাত্রী বহন, গতিসীমা অতিক্রম, নিষিদ্ধ এলাকায় চলাচল এবং ট্রাফিক আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর। নিরাপত্তা ও প্রযুক্তিগত মানদণ্ড পূরণ করে যানবাহন উৎপাদন এবং অনুমোদিত স্থানে ব্যাটারি চার্জ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া পুরোনো ব্যাটারি যত্রতত্র ফেলা ও পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। নতুন বিধিমালা কার্যকরের সঙ্গে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর জারি করা এ-সংক্রান্ত আগের বিধিমালা বাতিল করা হয়েছে।