গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ  করেছে পোশাক কারখানা শ্রমিকরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর কাশিমপুর ও কোনাবাড়ী শিল্প অঞ্চলের শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

পুলিশ ও শ্রমিকরা জানান, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে প্রথমে কাশিমপুর শিল্প অঞ্চলের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে। পরে জরুন এলাকায় রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ,কটন ক্লাব, মন্ডল, মাল্টি ফ্যাবস লিঃসহ আশেপাশের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে কোনাবাড়ী বিসিকে শ্রমিকরা এসে অন্য কারখানার শ্রমিকদের বের হয়ে আসার জন্য তাগাদা দিলে শ্রমিকরা কারখানা থেকে

বের হয়ে আসে। পরে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করে। 

জানা যায়, বিকেলেও কয়েক দফা শ্রমিক বিক্ষোভের পর সন্ধ্যা ৭ টার দিকে আবারও মহাসড়ক অবরোধ করে। কোনাবাড়ি কলেজগেট এলাকায় শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগতরাও যোগ দিয়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে৷ পরে পুলিশ এসে টিয়ারসেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। 

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ী ও কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে। পরে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।