গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম

গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক (৩৫) নামে এক পোশাকশ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত কার্তিক ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন। তিনি গাজীপুর মহানগরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে।

বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান জানান, কারখানার কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার একটি অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন।

পরে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, নিহত কার্তিকের বাঁ পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত