‘স্মাইল ৩’ পরিচালনায় ডেভিড ব্রুকনার

হলিউডের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘স্মাইল’-এর তৃতীয় কিস্তি পরিচালনা করবেন ডেভিড ব্রুকনার। ২০২২ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা এবং ২০২৪ সালের সিক্যুয়েল ‘স্মাইল ২’-এর পর এবার নতুন পরিচালকের হাত ধরে আসছে ‘স্মাইল ৩’। সিনেমাটির চিত্রনাট্য লিখবেন নিক আন্তোসকা। ফ্র্যাঞ্চাইজিটির নির্মাতা পার্কার ফিন তৃতীয় কিস্তির গল্পের মূল কাঠামো তৈরি করেছেন। তবে তিনি এবার পরিচালকের দায়িত্বে থাকছেন না; প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন।

ডেভিড ব্রুকনার এর আগে ‘দ্য নাইট হাউস’, ‘দ্য রিচুয়াল’ ও ‘হেলরেইজার’-এর মতো হরর সিনেমা পরিচালনা করেছেন। ভৌতিক আবহ ও মনস্তাত্ত্বিক উত্তেজনা তৈরিতে দক্ষ এই নির্মাতার হাত ধরে নতুন কিস্তিতে কী চমক আসবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। তবে ‘স্মাইল ৩’-এর গল্প, অভিনয়শিল্পী ও মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি।