দীর্ঘদিন অসুস্থ অভিনেতা সমু চৌধুরী। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিল না তার পরিবার। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেন সহকর্মী ও ভক্তরা। এবার তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটি জানিয়েছে, চিকিৎসার সব ব্যয় বহন করার পাশাপাশি পুরো প্রক্রিয়া তাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
অভিনেতার অসুস্থতা নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়। তার মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, কয়েক বছর মানসিক অসুস্থতায় ভুগছেন তার ছেলে। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছিল পরিবারের জন্য।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, সমু চৌধুরীর পরিবারের সম্মতি পাওয়ার পর চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবারের অনুমতির অপেক্ষায় ছিল সংগঠনটি। সম্মতি পাওয়ার পরই চিকিৎসার উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।
সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর উদ্যোগ এবারই প্রথম নয়। প্রায় তিন বছর আগে ময়মনসিংহের গফরগাঁওয়ে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিলেন সংগঠনের সদস্যরা। সে সময় চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সম্মতি না পাওয়ায় তা আর এগোয়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অভিনেতাকে বিভিন্ন স্থানে দেখা গেছে। এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার পরিবর্তে তার চিকিৎসা ও সুস্থতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ভক্ত-শুভাকাক্সক্ষীরা। পরিবারের সম্মতিতে এবার চিকিৎসার দায়িত্ব নেওয়ায় তার প্রয়োজনীয় সেবা নিশ্চিত হওয়ার আশা তৈরি হলো।