নতুন সিনেমায় ভূমি

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। নির্মাতা প্রিয়দর্শনের আগামী ছবিতে নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি হতে যাচ্ছে প্রিয়দর্শনের পরিচালনায় ৯৯তম সিনেমা।

এর আগে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘রক্ষা বন্ধন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ভূমি ও অক্ষয়। চার বছর পর আবারও পর্দায় দেখা যাবে এই জুটিকে। সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিতব্য ছবিটি কমেডি ঘরানার হবে বলে জানা গেছে। এতে অক্ষয় কুমারকে দেখা যাবে বাঘ শিকারির চরিত্রে।

রমেশ তাওরানির প্রযোজনায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা নভেম্বরের শেষ সপ্তাহে। রাজস্থান ও মুম্বাইয়ে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভোপালকেও সম্ভাব্য শুটিং লোকেশন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ছবিতে অনু কাপুর ও রাজপাল যাদবের অভিনয়ের খবরও প্রকাশিত হয়েছে। তবে এখনো ছবির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

২০১৫ সালে ‘দম লগা কে হইশা’ চলচ্চিত্র দিয়ে ভূমির বলিউডে অভিষেক। আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেন। ছবিটি মুক্তির পর সুপার হিট হয়। শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন ভূমি।