১০-৩০ সিঙ্গেল কাউন্টের সুতা

১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার ও ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ সংক্রান্ত আদেশে স্পষ্টীকরণ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার  জারি করা এক আদেশে এমন তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, আগের দুটি আদেশে উল্লেখ করা ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা বলতে ১০ থেকে ৩০ সিঙ্গেল কাউন্টের কটন সুতা বোঝাবে।

জানা গেছে, স্থানীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করতে গত ৭ সেপ্টেম্বর ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির সুযোগ দেওয়া হয়। পরে ৮ অক্টোবর ওই আদেশ সংশোধন করা হয়। আদেশে আরও বলা হয়, টেক্সটাইল শিল্পের বিদ্যমান সমস্যা পর্যালোচনা ও সমাধানে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।