প্লাস্টিক পুনর্ব্যবহারে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে উৎপাদকদের দায়িত্ব নিশ্চিত করা, পুনর্ব্যবহার খাতে বিনিয়োগ বাড়ানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, প্লাস্টিক বর্জ্য জলাবদ্ধতা তৈরি করার পাশাপাশি নদী ও সামুদ্রিক পরিবেশ দূষিত করছে। এ সংকট মোকাবিলায় নীতিমালার কার্যকর প্রয়োগ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। নরওয়ে সরকারের সহায়তায় পরিচালিত প্লাস্টিকের টেকসই ব্যবহার ও সামুদ্রিক বর্জ্য প্রতিরোধবিষয়ক প্রকল্পের সমাপনী উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ বলেন, উৎপাদন থেকে পুনর্ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। উৎপাদকদের বর্ধিত দায়িত্ব (ইপিআর), নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং বর্জ্য পৃথকীকরণ ও সংগ্রহের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।