বারিধারায় গাড়িচাপায় মৃত্যু

সেই কিশোরের জামিন

রাজধানীর বারিধারা ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় আইনের সংস্পর্শে আনা অভিযুক্ত সেই কিশোরের দুই হাজার টাকার মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।

গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮-এর বিচারক মো. আবদুল মোক্তাদির শুনানি নিয়ে এ আদেশ দেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর একই আদালত এ কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর আদেশ দিয়েছিল। সেদিন কিশোরের পক্ষে আদালতে জামিনের আবেদন দাখিল করা হয়েছিল। পরে শুনানি নিয়ে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে গাড়িচাপায় নিহত হন মেহেদী হাসান (২৪) নামে এক নির্মাণশ্রমিক। তার বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে। ঘটনার সময় ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন মেহেদী। দ্রুতগতির প্রাইভেটকারটি উঠে যায়  ফুটপাতে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী। এ ঘটনায় গুলশান থানায় মামলা করেন নিহত মেহেদীর ভাই মোক্তাদীর ইসলাম। মামলায় কিশোরের নাম উল্লেখ করা হয়নি। গাড়িচালক হিসেবে আকাশ মারক নামে এক ব্যক্তিকে আসামি করা হয়। তবে পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

দুর্ঘটনার পর গাড়ির চালকের আসনে থাকা কিশোরকে আটক করে পুলিশে দিয়েছিল উপস্থিত লোকজন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এ নিয়ে সমালোচনা শুরু হলে পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কিশোরের সম্পৃক্ততা পায়। পরে তাকে আইনের সংস্পর্শে আনা হয়।