সড়কে তিন শিশুসহ নিহত ৬

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রতিনিধিদের পাঠানো খবর

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার  সামনে শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঢাকান্ডময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তামীরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবির আহত হন। তিনি মিল্লাতের আলিম প্রথম বর্ষের ছাত্র। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে ঢাকান্ডময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, প্রায় তিন মাস আগে একই স্থানে সড়ক দুর্ঘটনায় মিল্লাতের আরেক শিক্ষার্থী ইয়াসিন আলী নিহত হন।

ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) নামে দুই বোন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়। নিহত দুই শিশু পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। জানা গেছে, ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। গতকাল সকালে তিনি কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তার দুই মেয়েও মায়ের সঙ্গে যায়। তালদিঘী মডেল মসজিদের সামনে পৌঁছে মা তাদের বাড়ি ফিরে যেতে বলেন। পরে দুই বোন মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে সাউদা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাউদা মনি ওমরগাঁও গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। জানা যায়, শিশু সাউদা মনি সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় ব্যাটারিচালিত দুটো অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি অটোরিকশা উল্টে গিয়ে শিশু সাউদা মনির ওপর পড়ে যায়। স্থানীয় ও স্বজনরা অটোরিকশাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বরিশাল : বরিশাল নগরীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। গতকাল সকালে নগরীর সদর রোডে জগন্নাথ মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সজল কুমার চক্রবর্তী সকালে বাসা থেকে বের হয়ে সদর রোডের জগন্নাথ মন্দিরে যান । মন্দির থেকে বের হওয়ার পরপরই দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজল কুমার চক্রবর্তীর মৃত্যু হয়।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তার হোসেন (৫৬) নামের জেলা পরিষদের এক কর্মচারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে জেলা শহরের শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন কিশোরগঞ্জ জেলা পরিষদের অফিস সহায়ক ছিলেন।

শরীয়তপুর : পদ্মা সেতুর জাজিরা প্রান্তের হাইওয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাস সজোরে ধাক্কা দিলে নজরুল ইসলাম নামের এক বাস সুপারভাইজার নিহত হন। এ সময় বাসে থাকা অন্তত সাত যাত্রী আহত হন। গতকাল শরীয়তপুরের জাজিরা উপজেলার কালু বেপারী কান্দি এলাকার পদ্মা সেতু হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।