প্রকাশিত সংবাদ

ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাশেদুলের প্রতিবাদ

গত ২২ অক্টোবর দেশ রূপান্তর অনলাইনে এবং ২৩ অক্টোবর প্রিন্ট সংস্করণে ‘নিউমার্কেটে ঢাকা কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, ওই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। গত ১৮ থেকে ২২ অক্টোবর রাত ১০টা পর্যন্ত তিনি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি বলেছেন, ‘ঘটনার সিসি টিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় যে, আমি সেখানে ছিলাম না। পরে তদন্তে ঘটনার সঙ্গে আমার জড়িত থাকার সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। কোনো ধরনের অনৈতিক কাজে আমার সম্পৃক্ততা বর্তমানে ও ইতিপূর্বে কখনোই ছিল না।’

রাশেদুল আমিন দাবি করেন, তিনি ফ্যাসিস্ট স্বৈরাচারবিরোধী জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরাসরি যুক্ত থেকে বাংলাদেশ বাঁচাতে লড়াই করেছেন এবং সে সময় স্বৈরাচার সরকারের পুলিশের গুলিতে এবং ছাত্রলীগ কর্তৃক সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তিনি ‘এ’ গ্রেডের তালিকাভুক্ত জুলাই যোদ্ধা হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কোনো আবেদন করেননি।