জাদুকরী পারফরম্যান্সের ধারা বজায় রেখে ক্যারিয়ারের আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে গতকাল রাতে আল-খুলুদের বিপক্ষে ম্যাচে স্রেফ ১৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে দলকে ৫-৩ গোলের জয় উপহার দেওয়ার পাশাপাশি ফুটবল বিশ্বে নিজের মুকুটে যোগ করলেন নতুন এক কীর্তি।
ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে বাম পা, ডান পা এবং হেডের নিখুঁত সংমিশ্রণে গোল করে ক্যারিয়ারের ১১তম ‘পারফেক্ট হ্যাটট্রিক’ পূর্ণ করেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। বর্তমান ফুটবল বিশ্বে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে এটিই সর্বোচ্চ পারফেক্ট হ্যাটট্রিকের রেকর্ড, যেখানে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ঝুলিতে ৬২টি হ্যাটট্রিক থাকলেও কোনো ‘পারফেক্ট হ্যাটট্রিক’ নেই।
ম্যাচটি কেবল সিআরসেভেনের রেকর্ডের জন্যই নয়, গোলবন্যার আমেজ ছড়ানোর জন্যও স্মরণীয় হয়ে থাকবে। প্রথমার্ধে সফরকারী আল-খুলুদ প্রথমে এগিয়ে গেলেও সাদিও মানে আর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে লিড নেয় নাসর।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ২-২ সমতায় শেষ হওয়ার পর শুরু হয় রোনালদো-শো। স্বাগতিকদের হয়ে এই পর্তুগিজ তারকা ১৫ মিনিটে তিন গোল করে জয়ের মূল কারিগর বনে যান। এই জয়ে আল-নাসরকে শীর্ষে লড়াইয়ে রাখার পাশাপাশি ম্যাচে চারটি অ্যাসিস্ট করে সতীর্থ জোয়াও ফেলিক্সও তুলে নেন দারুণ নজর।
ম্যাচ শেষে নিজের এই অবিস্মরণীয় পারফরম্যান্স ও দলকে জেতানোর আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন রোনালদো। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘দারুণ জয়, দলের দারুণ পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে আনন্দিত!’
এই ৩ গোলের মাধ্যমে পেশাদার ফুটবলে ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ১৫ গোল দূরে অবস্থান করছেন ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৯৮৫ গোল)। একই সঙ্গে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর ক্যারিয়ারের মোট হ্যাটট্রিকের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬৭টিতে। সৌদি ক্লাব আল-নাসরের জার্সিতে এটি তাঁর ৭ম হ্যাটট্রিক, যার মধ্যে ৩টিই এসেছে পারফেক্ট হ্যাটট্রিক হিসেবে। বাকি পারফেক্ট হ্যাটট্রিকগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৭টি এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে এসেছে ১টি।