জাদুকের শুরুটা যেখানে হয়েছিল, সেই শৈশবের ঠিকানাতেই কি তবে ফিরছেন লিওনেল মেসি? ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে বিশ্বজয়ী এই মহাতারকার আর্জেন্টিনায় নিজের প্রথম ক্লাব নিউওয়েল্স ওল্ড বয়েজে ফিরে যাওয়ার গুঞ্জন এখন জোরালো।
আর্জেন্টিনা ও রোজারিওভিত্তিক একাধিক সংবাদমাধ্যম বলছে, শৈশবের ক্লাবটিতে মেসিকে ফিরিয়ে আনতে পর্দার আড়ালে জোর প্রস্তুতি চলছে।
যদিও ইন্টার মায়ামির সঙ্গে এলএমটেনের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বহাল রয়েছে, তবুও ঘরের টানে মেসির এই সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রোমাঞ্চের কমতি নেই। ফুটবলের জাদুকর সেই ২০০০ সালে রোজারিও ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন, যার ফলে দেশটির শীর্ষ স্তরের প্রতিযোগিতামূলক ফুটবলে নিউওয়েল্সের মূল দলের জার্সিতে কখনো মাঠে নামার সুযোগ হয়নি তার।
মেসির এই সম্ভাব্য ফেরা নিয়ে রোজারিওর স্থানীয় সংবাদকর্মী ও রেডিও সাংবাদিক গঞ্জালো কালভিজিওনি ‘এস্তাদিও থ্রি’ অনুষ্ঠানে কথা বলার সময় দাবি করেন, ‘নিউওয়েল্স ওল্ড বয়েজে ফেরার এত কাছাকাছি মেসি এর আগে কখনো ছিলেন না। ক্লাবটি ২০২৭ সালের জানুয়ারির মধ্যেই তাঁকে দলে ভেড়ানোর আশা করছে।’
মায়ামির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি এবং শীতকালীন দলবদলে এমন চুক্তি বেশ কঠিন মনে হলেও, শৈশবের ক্লাবের প্রতি মেসির অনুরাগ আর স্থানীয় সাংবাদিকদের এই দাবি ভক্তদের মনে আশার বীজ বুনে দিয়েছে।
নাঈমদের ঘাম ঝরানো লড়াইয়ে জমে উঠল মিরপুর টেস্ট