নড়াইলে অভিযানে ইজিবাইক ও যন্ত্রাংশসহ আটক ৩

নড়াইলে পুলিশের অভিযানে ৪টি চোরাই ইজিবাইক, ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ, একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩জনকে আটক করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাত একটার পর থেকে ভোর রাত পর্যন্ত নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার ও  আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো বাঁশগ্রাম গ্রাম উত্তরপাড়ার তোকাম মোল্যার ছেলে মিরাজুল ইসলাম (৩০), একই গ্রামের লিকুব মোল্যার ছেলে রিফায়েত মোল্যা (১৬) ও নওশের মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩৩)।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাঁশগ্রাম গ্রামের তোকাম মোল্যার ছেলে মিরাজুল ইসলামের বাড়িতে প্রথমে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে মিরাজুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের লিকুব মোল্যার ছেলে রিফায়েত মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে আরও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী নওশের মোল্যার ছেলে সবুজ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরোয়ার জানান,  নড়াইল শহর থেকে বেশ কিছুদিন ধরে চালকদের অজ্ঞান করে কয়েকটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ অপরাধীদের সনাক্তে জোর তৎপরদা চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব চোরাই ইজিবাইক ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।