পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ওই বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টির মধ্যে আটজন বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন।

বজ্রপাতের পর হতাহতরা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।