মহাসড়কে গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগ, নকলায় ৫ জনের জরিমানা

শেরপুরের নকলা উপজেলায় মহাসড়কে অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে সড়ক দখল ও জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির অপরাধে পাঁচজনকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চন্দ্রকোনা-নারায়ণখোলা মহাসড়কে অভিযান চালিয়ে মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী তাদের এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

জরিমানাপ্রাপ্তরা হলেন উপজেলার চরমধুয়া গ্রামের মারুফ হাসান, একই এলাকার জুয়েল মিয়া, স্বপন, শাহীন ও সোহেল রানা।

ইউএনও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান ও এসআই মাজহারুল ইসলাম।