চট্টগ্রামের কাঁচাবাজারে শীতের আমেজ, কমতির দিকে দর

কাঁচাবাজারগুলোতে ধীরে ধীরে নামতে শুরু করেছে শীতের আমেজ। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় বাজারে বেশ কিছু সবজির দাম কিছুটা কমেছে। তবে সবজির দামে স্বস্তি মিললেও মাছ ও মুরগির বাজার আগের মতোই রয়েছে। অন্যদিকে, ডিমের দামও কিছুটা কমেছে৷

শুক্রবার নগরীর কাজীর দেউড়ি, পাহাড়তলী ও নয়াবাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে বাজারদরের এই চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হওয়া নতুন শিম চলতি সপ্তাহে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ১৬০ টাকার ফুলকপি এক সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এছাড়া মানভেদে টমেটো ১০০ থেকে ১২০ টাকা, মুলা ৬০ টাকা ও বরবটি ৬০ টাকায় মিলছে, যা গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কম।

কাঁচা মরিচ কেজিপ্রতি ৮০ টাকায় নেমেছে, গত সপ্তাহে যা ছিল ১০০ টাকা। এছাড়া বাজারে পেঁপে ও লাউ ৪০ টাকা, পটল ও চিচিঙ্গা ৬০ টাকা এবং ঢেঁড়স, বেগুন ও ধুন্দুল ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে ঝিঙা ও কাকরোল এখনো কেজিপ্রতি ১২০ টাকাতেই থমকে আছে।

কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মো. কাশেম বলেন, "উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চল থেকে শীতের সবজির গাড়ি নিয়মিত আসছে। সরবরাহ বাড়ায় পাইকারিতে দর কমেছে, যার সুফল খুচরা বাজারেও দেখা যাচ্ছে। সরবরাহ এমন থাকলে সামনে দাম আরও কমবে।"

মাংসের বাজারে ব্রয়লার মুরগি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে ১৭০ থেকে ১৭৫ টাকায় বিক্রি হলেও সোনালী মুরগি কেজিপ্রতি ৩২০ থেকে ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬২০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ও মুরগির দামে কিছুটা স্বস্তি মিললেও মাছের বাজারে সেই আভাস নেই। মাছের বাজারে আকারভেদে রুই ৫০০ টাকা ও কাতল ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায় এবং ১ কেজি ৩০০ গ্রাম ওজনের বড় ইলিশ হাঁকা হচ্ছে ২ হাজার ৫০০ টাকা কেজি। রুপচাঁদা আকারভেদে (কেজিতে ৪ থেকে ৫টি) ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং কোরাল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পাঙ্গাস ও পাবদা বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে।

তবে গত সপ্তাহের তুলনায় ডিমের দামে কিছুটা পতন দেখা গেছে। গত সপ্তাহে ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হওয়া ফার্মের ডিমের ডজন চলতি সপ্তাহে কমে দাঁড়িয়েছে ১৩০ টাকায়। পেঁয়াজ কেজিপ্রতি ৬০ টাকা, রসুন ১৬০ টাকা এবং আদা ১৫০ টাকা কেজিতে স্থিতিশীল রয়েছে।

পাহাড়তলী বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা মো. ইকবাল হোসেন বলেন, "সবজির দাম কিছুটা কমায় স্বস্তি মিলছে। এই কমার এই ধারা যেন অব্যাহত থাকে। সামগ্রিক বাজারদর মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকে, সেজন্য নিয়মিত মনিটরিং করার দাবি জানাই।"