কালিয়াকৈর-শম্ভুগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা ও নির্ভরতা বাড়াতে চালু হয়েছে নবনির্মিত কালিয়াকৈর-শম্ভুগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং শম্ভুগঞ্জ ৪০০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র।

পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রকল্পের আওতায় নির্মিত এই অবকাঠামো আজ শুক্রবার (৩০ অক্টোবর) সফলভাবে চালু করা হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, এই লাইন ও উপকেন্দ্র চালুর ফলে উত্তর-মধ্যাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা আরও শক্তিশালী হলো, যা প্রায় ২০ লাখ মানুষের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন লাইনটি চালুর ফলে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল ও নেত্রকোনার একাংশে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা অনেকাংশে দূর হয়েছে। আগে চরম গ্রীষ্মে সংশ্লিষ্ট ১৩২ কেভি নেটওয়ার্কে ভোল্টেজ সর্বনিম্ন ১০২ থেকে ১০৫ কেভিতে নেমে এলেও বর্তমানে তা বেড়ে ১২০ থেকে ১২১ কেভিতে উন্নীত হয়েছে। এ ছাড়া গ্রীষ্ম মৌসুমে ওই অঞ্চলের ১ হাজার ৬০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সঞ্চালনগত যে সীমাবদ্ধতা ছিল, তা-ও কেটে গেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ আরও জানায়, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ায় বছরে গড়ে ১ দশমিক ৫ থেকে ২ শতাংশ পর্যন্ত সিস্টেম লস কমতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহের ভিত্তি মজবুত হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের শিল্পকারখানা, অর্থনৈতিক অঞ্চল, তৈরি পোশাকশিল্প ও রাইস মিলসহ বিভিন্ন উৎপাদনমুখী খাতের সম্প্রসারণে বড় সুযোগ তৈরি হলো।