নেত্রকোনায় ৫ প্রতিষ্ঠানে কেউ পাস করেননি

নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় জেলার পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে পূর্বধলা উপজেলার তিনটি এবং কেন্দুয়া ও কলমাকান্দা উপজেলার একটি করে প্রতিষ্ঠান রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তার প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পূর্বধলার অ্যাম্বিশন মডেল কলেজ থেকে এবার ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগের ১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের একজন ছিল।

একই উপজেলার জুবাইদা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে মানবিক বিভাগের সাতজন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছয়জন অকৃতকার্য হয়েছে এবং একজন অনুপস্থিত ছিল। গত বছরও এ প্রতিষ্ঠান থেকে তিনজন পরীক্ষা দিয়ে কেউ পাস করতে পারেনি।

এ ছাড়া পূর্বধলার খালিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগের চারজন পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।

অন্যদিকে, কলমাকান্দা মহিলা কলেজ থেকে মানবিক বিভাগের তিনজন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ থেকেও এবার মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সে পাস করতে পারেনি। গত বছরও এ প্রতিষ্ঠান থেকে ১২ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ উত্তীর্ণ হতে পারেনি।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর নেত্রকোনা জেলায় মোট ১৩ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে ৫ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। অকৃতকার্য হয়েছে ৮ হাজার ৯৮ জন। জেলায় এবার পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ।

গত বছর জেলায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৩৯ শতাংশ। সে তুলনায় এবার পাসের হার কমেছে। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। গত বছর ১০৯ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ৭০ জন, যা আগের বছরের তুলনায় ৩৯ জন কম।