অল্পের জন্য শতভাগ পাস করেনি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ

চলতি বছর এইচএসসিতে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে জিপিএ-৫ পেয়েছেন ২৫৭ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

তিনি জানান, এবার এই প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন ৩২৮ জন। পাস করেছেন  ৩২৬ এবং জিপিএ-৫ পেয়েছেন ২৫৭ জন।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ আরও বলেন, আমাদের প্রতিটি শিক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার যোগ্য ছিল বলে আমি মনে করি। তবে  ৩২৮ মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৫৭ জন। এরমধ্যে দুজন শিক্ষার্থী ফেল করেছেন। প্রতিবারের মতো এবারও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে এখানকার শিক্ষার্থীরা ভর্তিযুদ্ধে সেরা ফল করবেন এমন প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ রাখে। কলেজটিতে কেবল বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। ১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার সুবাদে এখানেও গড়ে ওঠে টেকনিক্যাল স্কুল। উদ্দেশ্য ছিল এখান থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য দক্ষ, কারিগরি জ্ঞানসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। এছাড়া প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাসের হার শতভাগ।