বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের প্রিলিমিনারি পরীক্ষা। শনিবার (৩১ অক্টোবর চট্টগ্রাম কলেজ মিলনায়তনে সকাল ১০টা থেকে শুরু হওয়া এক ঘণ্টার এই প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের ২৮টি কলেজের ১ হাজার ৬৪ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মধ্যাহ্নভোজের পর সংক্ষিপ্ত ও অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ কে এম শামসু উদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথিতযশা ভৌত বিজ্ঞানী অধ্যাপক ড. শামীম ডাক্তারের উপস্থিতি শিক্ষার্থীদের বিশেষভাবে আলোড়িত ও উজ্জীবিত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শওকত হোসেন ফারুকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. জাফর আলম, বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নু ক ম আকবর হোসেন এবং কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী।
প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অধিকার করে চট্টগ্রাম বন্দর কলেজের শিক্ষার্থী মিনহাজ হোসাইন ফাহিম। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে চট্টগ্রাম কলেজের সিয়াম হোসাইনী জিম ও নিবিড় কর্মকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রসায়ন অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের চর্চা প্রসার হচ্ছে এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।
আগামী ২৮ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এই চূড়ান্ত পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২০২৭ সালের ১৯ থেকে ২৭ জুলাই তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠেয় বিশ্ব রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।