বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম

বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী মো. সাব্বির হোসেন সানিকে (৩৪) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ও ডেভিড ইমনের পরিবর্তে চট্টগ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন সানি। এ কাজের জন্য বড় সাজ্জাদের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন তিনি।

পুলিশ জানায়, সানি বড় সাজ্জাদের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী। আগে বিদেশে অবস্থান করলেও বড় সাজ্জাদের নির্দেশনায় গত বছর দেশে ফিরে চট্টগ্রামে আসেন তিনি। এরপর থেকে চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বড় সাজ্জাদ ও বোরহানের হয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করতেন সানি। জিজ্ঞাসাবাদে তিনি বড় সাজ্জাদের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা বেতন পাওয়ার কথা জানিয়েছেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানির অবস্থান শনাক্ত করা হয়। পরে ৩০ অক্টোবর রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা রয়েছে। সম্প্রতি চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি ঘটনার অডিও রেকর্ডও জেলা গোয়েন্দা পুলিশের হাতে এসেছে।

তিনি আরও জানান, অডিও রেকর্ডসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। চাঁদাবাজির সঙ্গে সানির প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা, তার সহযোগীদের পরিচয় এবং অপরাধী চক্রের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

পুলিশের ধারাবাহিক অভিযানের মুখে বড় সাজ্জাদ ও ডেভিড ইমনের নির্দেশনায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত চক্রের সদস্যরা চট্টগ্রাম ছেড়ে অন্য জেলায় আত্মগোপন করেছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত