জামালপুরে জেলা ইজতেমা বন্ধের দাবিতে মহাসমাবেশ

বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমা আয়োজন বন্ধ এবং রেলস্টেশন সংলগ্ন মারকাজ মসজিদ পুনরুদ্ধারের দাবিতে জামালপুরের ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটরিয়াম চত্বরে ওলামায়ে কেরাম ও শুরায়ে নিজাম তাবলিগ জামাতের জামালপুর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাকুল ওলামা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম।
 
এ সময় বক্তব্য দেন জামালপুর জেলা মারকাজ মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ইত্তেফাকুল ওলামা পরিষদ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল হক সিরাজী এবং তাবলিগ জামাতের জুবায়েরপন্থি ইসলামপুর উপজেলা আমির ক্বারী মো. আবুল হোসেন সোহাগ।
 
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে ওলামা-মাশায়েখ ও তাবলিগ জামাতের জুবায়েরপন্থি সাথীরা অংশ নেন।
 
বক্তারা বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমার নামে কোনো আয়োজন তারা মেনে নেবেন না। আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর ইসলামপুর নতুন মারকাজ মসজিদে সাদপন্থিদের ঘোষিত জেলা ইজতেমা বন্ধে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
 
এ ছাড়া মারকাজ মসজিদকে সাদপন্থিমুক্ত করার দাবিতে জেলার সব ওলামা-মাশায়েখকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। দাবি উপেক্ষা করে ইজতেমার আয়োজন করা হলে তা প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তারা।
 
উল্লেখ্য, আগামী ৫ থেকে ৭ নভেম্বর ২০২৬ তারিখে ইসলামপুর নতুন মারকাজ মসজিদে জেলা ইজতেমা আয়োজনের তারিখ নির্ধারণ করেছেন সাদপন্থিরা।