গৌরীপুরে ঝটিকা মিছিল, সাবেক এমপির ভাতিজাসহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহের গৌরীপুরে ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদের ভাতিজাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন ৩১ অক্টোবর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গৌরীপুরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদের ভাতিজা ও সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফেরদৌস আহমেদ শাকিল, একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মইলাকান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অপূর্ব, ছাত্রলীগ কর্মী শাহরিয়ার ইয়াদ এবং তারাকান্দা উপজেলার আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার শ্যামগঞ্জ ডেঙ্গার মোড় এলাকায় তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ‘প্রত্যাবর্তন ২.০’ লেখা ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা হলে ওই রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গ্রেপ্তার হওয়া শাহরিয়ার ইয়াদ শনিবার সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৩.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে পাসের আনন্দ উদ্‌যাপনের আগেই তাকে গ্রেপ্তার হতে হয়েছে।

শাহরিয়ারের বাবা মইলাকান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন মনোজ। ছেলের উত্তীর্ণ হওয়ার খবরে আনন্দ প্রকাশের পাশাপাশি পুলিশি হয়রানির অভিযোগ তুলে আক্ষেপ জানিয়েছেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, ভিডিও ফুটেজ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।