এইচএসসি পরীক্ষা

মিরসরাইয়ে কামাল উদ্দিন কলেজ ও আলিমে আবুতোরাব মাদরাসা শীর্ষে

এবারের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এইচএসসিতে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ এবং আলিমে আবুতোরাব ফাজিল মাদরাসা শীর্ষে রয়েছে। উপজেলায় এইচএসসিতে পাসের হার ৫০.৪৭ শতাংশ এবং আলিমে ৭২.২০ শতাংশ। দুই পরীক্ষায় মোট ৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ২২৯ জন। পাসের হার ৫০.৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।

অন্যদিকে, উপজেলার আটটি মাদরাসা থেকে ২৭৭ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২০০ জন। পাসের হার ৭২.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

কলেজগুলোর মধ্যে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পাসের হার ৮০ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার জোরারগঞ্জ মহিলা কলেজে। প্রতিষ্ঠানটির পাসের হার ২১.৫৭ শতাংশ। এ কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

আলিম পরীক্ষায় আবুতোরাব ফাজিল মাদরাসার পাসের হার ৮৮.৩৩ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে চারজন। অন্যদিকে, মাদবরহাট ইসলামিয়া ফাজিল মাদরাসা ও জামেয়া রহমানিয়া মাদরাসার পাসের হার ৫৫.৫৬ শতাংশ করে। এ দুটি মাদরাসা থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

আবুতোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে শতভাগ পাসের ফলাফল অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন বলেন, এবার উপজেলায় এইচএসসি পরীক্ষায় ১ হাজার ২২৯ জন এবং আলিম পরীক্ষায় ২০০ জন শিক্ষার্থী পাস করেছে। আগামীতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তদারকি বাড়ানো হবে।