বেঙ্গালুরুর হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বিদেশির মৃত্যু

ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। খবর এনডিটিভির।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শহরের কনরাড হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের একজন জার্মানির নাগরিক আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭)। তিনি লুফথানসা এয়ারলাইনসের ক্রু সদস্য ছিলেন। অপরজন স্লোভাকিয়ার নাগরিক জুরাজ হরভাট (৪৫)। তিনি প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। দুজনই ওই হোটেলে অবস্থান করছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন হোটেলে অবস্থানরত ৪১ বছর বয়সী মার্কিন নাগরিক ম্যাথিউ ডেসান্টিস এবং হোটেলের ২৮ বছর বয়সী ভারতীয় সুইমিংপুল পরিচর্যাকর্মী রাহুল তিওয়ারি। তাদের উদ্ধার করে মণিপাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে হোটেলের তৃতীয় তলার সুইমিংপুলে এ ঘটনা ঘটে। সাঁতার কাটতে নেমে দুই বিদেশি নাগরিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আহত হন মার্কিন নাগরিক ও হোটেলকর্মী।

মণিপাল হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগের প্রধান চিকিৎসক মেবেল এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হয়। জার্মান নাগরিককে হাসপাতালে নেওয়ার আগেই মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, স্লোভাকিয়ার নাগরিককে বাঁচাতে চিকিৎসকেরা সিপিআরসহ বিভিন্ন চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, মার্কিন নাগরিক বিদ্যুতের প্রবাহ টের পেয়ে দুই ব্যক্তিকে উদ্ধারে সুইমিংপুলে ঝাঁপ দেন। পরে তিনি মাথাব্যথা ও শারীরিকভাবে বিপর্যস্ত বোধ করেন। অন্যদিকে, হোটেলকর্মীও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। দুজনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল।

এ ঘটনায় নিহত জার্মান নাগরিক আলেকজান্ডারের স্ত্রী সিলভিয়া অটোয়া পুলিশের কাছে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, সুইমিংপুল থেকে বের হওয়ার চেষ্টা করার সময় দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পানিতে ডুবে যান। সুইমিংপুলের যথাযথ রক্ষণাবেক্ষণে হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, শনিবার সকালে হোটেলটির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সুইমিংপুলটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে।

কনরাড হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে দুই অতিথির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

হিলটন গ্রুপের অন্তর্ভুক্ত বিলাসবহুল ২৪ তলাবিশিষ্ট এই হোটেলে এক রাতের সাধারণ কক্ষের ভাড়া অন্তত ২৫ হাজার রুপি। এ ঘটনায় হোটেলটির নিরাপত্তা ও সুইমিংপুলের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।