ভারতে তীর্থযাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাজ্যের চামোলি জেলার যোশীমঠ-বদ্রীনাথ রুটে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি। 

কর্মকর্তারা জানিয়েছেন, তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদ্রীনাথ থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে যোশীমঠের কাছে হাতি পর্বত এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন ভিটি-এইচসিএক্স কলসাইনযুক্ত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহজস্রধারা যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর যোশীমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করার ট্র্যাকিং ব্যবস্থাও কাজ করা বন্ধ করে দেয়।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের সব হেলিকপ্টারের উড্ডয়ন স্থগিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে রাজ্যের উদ্ধারকারী দল ও ভারতীয় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘যোশীমঠের কাছের ছাই গ্রামে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃসংবাদ পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।’

উল্লেখ্য, গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি বড় দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। বাকি সাতটি ঘটনায় জরুরি অবতরণ, যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য কারণে হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে গত বছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত