মৌমাছিরা উড়লে কেন ভোঁ ভোঁ শব্দ হয় 

মৌমাছি যখন ওড়ে, তাদের ডানা দ্রুত নড়াচড়া করার কারণে ভোঁ ভোঁ শব্দ হয়। মৌমাছিরা প্রতি সেকেন্ডে প্রায় ১১০-২০০ বার ডানা ঝাপটায়। এর ফলে চারপাশের বাতাসে কম্পন তৈরি হয়। এই কম্পনই ভোঁ ভোঁ শব্দ। পতঙ্গটি নিয়ম মেনে দলবদ্ধ হয়ে কাজ করে। কেউ নার্স, কেউ পরিচ্ছন্নতাকর্মী, কেউ মধু তৈরি, কেউ পরাগায়ন ও বংশবিস্তারে ভূমিকা রাখে। গুনগুন শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে তারা ভাব বিনিময় এবং অন্য মৌমাছির উপস্থিতি সম্পর্কে জানায়। গবেষণায় দেখা গেছে, কিছু ফুলের ভেতর থেকে পরাগরেণু বের করতে মৌমাছিরা ওড়া ছাড়া বক্ষদেশের পেশি সংকুচিত করে বিশেষ কম্পন তৈরি করে। এই কম্পনের ফলে ফুলের পরাগ সহজে শরীরে ঝরে পড়ে। চাক বা নিজেদের নিরাপদ রাখতে, কোনো বিপদ দেখলে বা রেগে গেলে তারা উচ্চৈঃস্বরে গুনগুন করে আক্রমণ বা আশপাশের মৌমাছিকে সতর্ক করে। আবার চাকে গরম বা ঠান্ডা ভাব বজায় রাখতে ডানা দিয়ে বাতাস করার কারণে চাকের ভেতর ভোঁ ভোঁ শব্দ তৈরি হয়। রানী মৌমাছি এক ধরনের বিশেষ শব্দ বা সুর তৈরি করে অন্যান্য রানীকে তার উপস্থিতি জানান দেয়। এ ছাড়া পুরুষ মৌমাছিরা প্রজননের উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকায় রানীকে আকৃষ্ট করতে শব্দ করে। মৌমাছি হলো একমাত্র পোকা, যারা মানুষের খাদ্য উৎপাদনে সহায়তা করে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিশাল নির্ভরতা রয়েছে এদের ওপর। কখনো যদি মৌমাছি বিলুপ্ত হয়, তাহলে প্রাণিকুল বিলুপ্ত হতে পারে।