সংযোগ ও এআই নিয়ে ঢাকায় টেককানেক্ট

বাংলাদেশের ডিজিটাল প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সংযোগব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’। ২৭ অক্টোবর বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন পাঁচ শতাধিক নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে তিনি আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যের কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন।

সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা জানান, জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ ছাড়া নির্ভরযোগ্য সংযোগ, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে ফাইভজি, ক্লাউড কম্পিউটিং, অটোমেশন ও এআইয়ের ব্যবহার নিয়ে পৃথক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। তৈরি পোশাকশিল্প, কৃষি, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং ও পরিবহন খাতে এসব প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরেন বিশেষজ্ঞরা। সম্মেলনে প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি ডিজিটাল অর্থনীতি ও কর্মসংস্থান নিয়েও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।