৮০ ঘণ্টা বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল

নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৩ নভেম্বর থেকে ৮০ ঘণ্টা বন্ধ থাকবে সামিটের ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল। এ সময় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ অন্তত ৪৫০ মিলিয়ন ঘনফুট কমে যাবে। ফলে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ৩ নভেম্বর থেকে ৮০ ঘণ্টা টার্মিনাল বন্ধ রাখার অনুমোদন দিয়েছে সংস্থাটি। এ সময় টার্মিনালটির প্রয়োজনীয় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

সামিটের জনসংযোগ বিভাগ রবিবার (১ নভেম্বর) দেশ রূপান্তরকে টার্মিনাল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টার্মিনালটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে এলএনজি থেকে পাওয়া গ্যাসের সরবরাহ অন্তত ৪৫০ মিলিয়ন ঘনফুট কমে যাবে। এমনিতেই দেশে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম। এর মধ্যে একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

৩ নভেম্বর থেকে শুরু হওয়া রক্ষণাবেক্ষণ কার্যক্রম টানা ৮০ ঘণ্টা চলবে। এ সময়ে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হতে পারে।

রক্ষণাবেক্ষণ শেষে টার্মিনালটি পুনরায় চালু হলে এর মাধ্যমে এলএনজি সরবরাহ স্বাভাবিক হবে।