শিবচরে জামায়াত নেতার বসতঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

সম্প্রতি ফেসবুকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলাম নামের এক জামায়াত নেতার বসতঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় জানায়, তাইজুল ইসলাম জামায়াতে ইসলামীর নিলখী ইউনিয়ন শাখার একজন নেতা ছিলেন। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, এমন ঘটনায় গ্রামের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

এর জের ধরে রবিবার সকাল ১০টায় বিক্ষুব্ধ নারী ও পুরুষ একত্র হয়ে তাইজুল ইসলামের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে ঘরটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি পুলিশ। তাছাড়া এ ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।

তবে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি দাবি করেন, ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তার স্ত্রী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বসতঘর ভাঙচুরের বিষয়ে তিনি এখনও অবগত নন। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডসংক্রান্ত অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।