পটিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার

চট্টগ্রামের পটিয়ায় ছয় পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী নুর হোসেন।

‎রবিবার (১ নভেম্বর) সকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদের আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন তিনি। পরে আদালতের বিচারক আবেদনটি মঞ্জুর করেন।

‎মামলার বিবাদীরা হলেন, পটিয়ায় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জমান আমিরী (যুগান্তর), সাধারণ সম্পাদক রবিউল হোসেন (আমার দেশ), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকণ্ঠ ও সুপ্রভাত), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (দেশ টিভি), সদস্য আ.ন.ম. সেলিম (দেশ রূপান্তর) এবং গোলাম কাদের (চট্টগ্রাম মঞ্চে)।  

‎জানা যায়, গত ১১ জুন সাংবাদিক নুর হোসেন বাদী হয়ে পটিয়া থানার মামলা নং ১৭(০৬)২৬ দায়ের করেন। পরবর্তীতে কয়েকজন কথিত সাংবাদিকের  প্ররোচনায় মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছিল যা উচিৎ হয়নি বলে বাদী উপলব্ধি করেন। সাংবাদিকদের মধ্যে বিভেদ ও ঐক্যে ফাটল ধরানোর আশঙ্কা থেকে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎রবিবার আদালতের মাধ্যমে মামলাটি প্রত্যাহারের মধ্য দিয়ে ছয় সাংবাদিকের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অবসান ঘটল। মামলার বাদী নুর হোসেন সাংবাদিকদের মধ্যে ঐক্য ধরে রাখার স্বার্থে দুস্কৃতকারী সাংবাদিককে বয়কট করার আহ্বান জানান।