কালিহাতীতে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মধুপুর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি। এ সময় চোরাই অটোরিকশা, পিকআপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ নভেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী থানাধীন এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি পিকআপ ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পিকআপে থাকা অটোরিকশাটি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু চালক পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে চারজনকে আটক করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সদর উপজেলার বালাট এলাকার মশিউর রহমান (৩২) ও রাজিব (২১), রংপুরের মিঠাপুকুর উপজেলার উত্তর তাজপুর এলাকার সাদেক (৩৫) এবং একই উপজেলার পায়রাবতী এলাকার মামুন মিয়া (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকা থেকে অটোরিকশাটি চুরি করে রংপুরের দিকে নিয়ে যাচ্ছিলেন তারা।

পুলিশের অভিযানে একটি পিকআপ, একটি অটোরিকশা, ১০টি ব্যাটারি, নগদ ১৯ হাজার ৫০০ টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, একটি রিয়েলমি স্মার্টফোন ও দুটি সিম্ফনি বাটন ফোন উদ্ধার করা হয়। মধুপুর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মো. মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মালামালসহ তাদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।