গোবিন্দগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের পরিচয় খুঁজছে পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন পরিচয়হীন এক বৃদ্ধ (৬০)। তার পরিচয় শনাক্ত ও স্বজনদের সন্ধান পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার কাটামোড় এলাকা থেকে দুর্ঘটনায় আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে ওই দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়।   

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ওই বৃদ্ধ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অসুস্থতা ও আঘাতের কারণে তিনি নিজের নাম-পরিচয় কিংবা পরিবারের কোনো তথ্য জানাতে পারছেন না। তার মানসিক ভারসাম্য নিয়েও সমস্যা রয়েছে বলে জানা গেছে।

এ অবস্থায় কেউ ওই বৃদ্ধকে চিনে থাকলে অথবা তার স্বজনদের সন্ধান পেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার ০১৩২০১৩২৪৮৫ এবং অফিসার ইনচার্জ (ওসি) ০১৩২০১৩২৪৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।